আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
Published : ০২:২৪, ২৮ মে ২০২৬
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার একজন যুগ্ম সচিব। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর-এর সহকারী পরিচালক (আইন শাখা) এবং উপ-পরিচালক (হাসপাতাল-১), যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজন হলে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। একইসঙ্গে নবজাতকদের মৃত্যুর পেছনের কারণ নির্ধারণ এবং প্রতিকারমূলক করণীয় চিহ্নিত করাও কমিটির দায়িত্বের মধ্যে থাকবে।



































