ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সরকারের, বিভাগীয় পর্যায়ে শুরু হচ্ছে প্রশিক্ষণ
Published : ০৩:০৩, ২ জুন ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোনো ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষ ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে। একই সঙ্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের অন্যান্য এলাকাতেও অতিরিক্ত ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা ও ক্লিনিক্যাল গাইডলাইন বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রমে সোসাইটি অব মেডিসিন নেতৃত্ব দেবে এবং ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা সহযোগিতা করবে।
তিনি জানান, মঙ্গলবার থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ঢাকার বাইরে সাতটি বিভাগ এবং বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট, টেস্টিং কিট, ফ্লুইড ও স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর একটি মজুত ইতোমধ্যে রয়েছে। সম্ভাব্য চাহিদা বিবেচনায় এসব সরঞ্জাম আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গুর উৎসস্থল নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংস ও প্রতিরোধমূলক কার্যক্রমে দুই মাস আগে থেকেই সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে।
বৈঠকে ডেঙ্গু পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু সংক্রান্ত গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































