ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী
Published : ১১:৩৭, ৬ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যে প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা করা হবে।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর ডেঙ্গুর প্রকোপ আরও জটিল রূপ নিতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। তিনি বলেন, ডেঙ্গুর একটি গুরুতর ধরন হেমোরেজিক ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশে যেন কোথাও পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, সিটি করপোরেশনের সাম্প্রতিক জরিপ অনুযায়ী দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক ও সিটি করপোরেশনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনগণ এবং সিটি করপোরেশন উভয় পক্ষ সমান দায়িত্ব পালন করলে ডেঙ্গু পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ডেঙ্গু মৌসুম শুরুর প্রেক্ষাপটে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার কর্তৃপক্ষ সমন্বিতভাবে সচেতনতা কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং নিয়মিত তদারকি জোরদার করার উদ্যোগ নিয়েছে।


































