ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৭, ১১ জুন ২০২৬

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আলোচিত ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পাঠানো কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাবে সন্তুষ্ট না হওয়ায় হাসপাতালটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা পর্যালোচনার পর তা সন্তোষজনক বিবেচিত হয়নি। ফলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বুধবার ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছিলেন, সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে।

পরে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানের মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব দিতে তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের জবাব পর্যালোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

ছয় নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement