রামেক হাসপাতালে যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা থেকে এলো ২৮ কোটি টাকার বিনামূল্যের ওষুধ

রামেক হাসপাতালে যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা থেকে এলো ২৮ কোটি টাকার বিনামূল্যের ওষুধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩১, ১১ জুন ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে প্রায় ২৮ কোটি টাকার অত্যাধুনিক ওষুধ পেয়েছে। এসব ওষুধ হাসপাতালে ভর্তি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

বৃহস্পতিবার সকালে হাসপাতালটিতে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬টি সিরিঞ্জ পৌঁছায়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ওষুধগুলোর বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা।

তিনি বলেন, অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই ব্যয়বহুল ওষুধ ব্যবহার করা হবে।

রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় এই ওষুধ সংগ্রহ করা সম্ভব হয়েছে। রোগী নির্বাচনের বিষয়েও তিনি তদারকি করবেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ডিরেক্ট রিলিফ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। সংস্থাটি নগদ অর্থের পরিবর্তে সরাসরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহের মাধ্যমে রোগীদের সহায়তা করে।

এর আগে চলতি বছরের মার্চে ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকার ওষুধ রামেক হাসপাতালে আসে। এছাড়া ২০২৫ সালের নভেম্বরে প্রায় ৩৬ কোটি টাকার এবং একই বছরের আগস্টে হৃদরোগীদের জন্য প্রায় ১৭ কোটি টাকার বিশেষায়িত ওষুধও হাসপাতালটি পেয়েছিল।

অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় বিদেশ থেকে এসব ওষুধ আনা সম্ভব হয়েছে। এতে অসংখ্য রোগী বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন।

শেয়ার করুনঃ
Advertisement