ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা
Published : ১০:৪২, ১২ আগস্ট ২০২৬
ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ অমান্য করে দেশটির দিকে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী জানায়, ‘এম/ভি ভেলা নোভা’ নামের জাহাজটির ইঞ্জিন কক্ষে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর জাহাজটি অচল হয়ে পড়ে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হলেও সেটি তা উপেক্ষা করে ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে জাহাজটির চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর জাহাজটি আর অবরোধ অমান্য করে ইরানের দিকে অগ্রসর হচ্ছে না।
গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে নতুন করে মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজকে জোরপূর্বক থামানোর এটি তৃতীয় ঘটনা বলে জানিয়েছে সেন্টকম।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ৫৫টি জাহাজকে অবরোধ এড়িয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।
এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর থাকার সময় মার্কিন বাহিনী নয়টি জাহাজ অচল করে এবং ১৪০টির বেশি জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দেয় বলে সেন্টকম জানিয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে বন্দর অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, অবরোধ প্রত্যাহার হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার অন্যতম শর্ত।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হতো। তবে ইরানের হামলার পর ওই এলাকায় জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
সাংবাদিকদের তিনি বলেন, “এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদেরই পুরো নিয়ন্ত্রণ—আমরাই এর নিয়ন্ত্রণে আছি।”
































