যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:৪৯, ১৭ আগস্ট ২০২৬

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হাদাথা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। একই সময়ে ইসরায়েলি সামরিক যান শহরের ভেতরে চলাচল করেছে বলেও জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২ মার্চ লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয় তারা। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, ওই সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

পরবর্তী সময়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি।

এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট ভোরেও লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন।

সূত্র : আনাদোলু

শেয়ার করুনঃ
Advertisement