তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৭; রুমে আটকা পড়েন বহু অতিথি

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৭; রুমে আটকা পড়েন বহু অতিথি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৭, ১৭ আগস্ট ২০২৬

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থশহর তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে চারতলা ওই হোটেলে আগুন লাগে। পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় মা তারা ও শিবমন্দিরে পূজা দিতে আসা বিপুলসংখ্যক পুণ্যার্থী ওই হোটেলে অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হোটেলের নিচতলায় অধিকাংশ অতিথি যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে কয়েকজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ঘন ধোঁয়ার কারণে অনেকেই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে পুলিশ মৃতের সংখ্যা সাতজন বলে নিশ্চিত করে।

হোটেল কর্তৃপক্ষের প্রাথমিক দাবি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পাওয়ার সাপ্লাই সিস্টেমের একটি বৈদ্যুতিক যন্ত্রাংশে আগুন লাগার পর তা রিসেপশন এলাকার আশপাশে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হোটেলের ভেতরে থাকা ডেকোরেটিভ উপকরণ ও ফাইবারজাতীয় সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই ঘন কালো ধোঁয়া ওপরের তলাগুলোতে পৌঁছে যায়। এতে বেশ কয়েকজন অতিথি নিজ নিজ কক্ষে আটকা পড়েন।

অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া কলকাতার এক নারী জানান, হঠাৎ পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং বের হওয়ার পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আরেক অতিথি তপনজ্যোতি মণ্ডল জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে প্রায় ৪৫ মিনিট একটি কক্ষে আটকা ছিলেন তারা। আগুনের তীব্রতার কারণে দরজা দিয়ে বের হতে না পেরে বাথরুমের সিলিংয়ের একটি খোলা অংশ দিয়ে বের হয়ে আসেন। এ ঘটনায় তার মা অজ্ঞান হয়ে পড়েন এবং বোন আহত হন।

ঘটনার পর হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আগুনের প্রকৃত কারণ ও নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ
Advertisement