যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘন করলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাস
Published : ১১:৩৯, ১৭ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত ও অনুমোদিত অবস্থানের সময়সীমা মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্ধারিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে দূতাবাসটি।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা দেওয়া হয়।
বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকিতেও পড়তে হতে পারে।
দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা ভিসা ও অভিবাসনসংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। অতীতে অভিবাসন আইন বা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে তা-ও যাচাইয়ের সময় সামনে আসতে পারে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা এবং অনুমোদিত সময়সীমার মধ্যেই দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।


































