রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৬ জনের

রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৬ জনের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৮, ১৭ আগস্ট ২০২৬

বার্তা সংস্থা এএফপি জানায়, বেলগোরোদ অঞ্চলের ভালুইস্কি জেলার কোলসকোভো গ্রামে এ হামলা চালানো হয়। গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ জানান, হামলায় একটি স্থাপনায় আগুন ধরে যায় এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর এক দিন আগে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলায় দুই দেশে মোট ১৯ জন নিহত হন।

সম্মুখসারিতে যুদ্ধ অনেকটা স্থবির হয়ে পড়া এবং শান্তি আলোচনা বন্ধ থাকার মধ্যেই সাম্প্রতিক সময়ে দুই দেশ পরস্পরের ভূখণ্ডে হামলা জোরদার করেছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানিও বেড়েছে।

২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া তুলনামূলকভাবে প্রতিহত করা কঠিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার ভেতরে সামরিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার যুদ্ধ সক্ষমতা কমিয়ে দেওয়ার লক্ষ্যেই এসব হামলা পরিচালনা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার তেল শোধনাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলার অন্যতম উদ্দেশ্য দেশটির যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দেওয়া।

এদিকে জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর কোনো এক মাসে এটিই দেশটিতে বেসামরিক প্রাণহানির সর্বোচ্চ সংখ্যা।

রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাশিয়ার ভূখণ্ডে ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা আগের মাসের তুলনায় বেশি।

শেয়ার করুনঃ
Advertisement