এশিয়ান গেমসে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ
Published : ১০:৫০, ৩ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচেও ব্যর্থ হলো বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের ব্যবধানে হেরে কোনো পদক ছাড়াই আসর শেষ করেছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল।
শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানেই হারায় প্রথম তিন উইকেট—সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস কেউই রানের খাতা খুলতে পারেননি।
এরপরও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। নাসুম আহমেদ সর্বোচ্চ ২৬ রান করেন। পারভেজ হোসেন ইমন ২২, ইয়াসির আলী ২১, তাওহিদ হৃদয় ১১ এবং রিশাদ হোসেন ১০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা, থারিন্দু রত্ননায়েক, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা শাহান দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ে মাত্র ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে থারিন্দু রত্ননায়েক ও অধিনায়ক শাহান আরচাগের ৯৩ রানের জুটি ম্যাচের চিত্র বদলে দেয়।
রত্ননায়েক মাত্র ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। আরচাগে করেন ৩৩ রান। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।
শেষ পর্যন্ত ১৬৫ রানের জবাবে ১০২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ব্রোঞ্জ পদকের লড়াইয়েও হার মেনে এশিয়ান গেমস থেকে পদকশূন্য হয়েই ফিরতে হলো বাংলাদেশকে।


































