বেলুচিস্তানে পৃথক অভিযানে ৯ ‘সন্ত্রাসী’ নিহত

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৯ ‘সন্ত্রাসী’ নিহত ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৫:১১, ১৮ আগস্ট ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারাত, হারনাই ও সুরব জেলায় পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৯ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

সূত্রের বরাতে জানা গেছে, ‘অপারেশন রাদ-উল-ফিতনা-৩’-এর অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। জিয়ারাত ও হারনাইয়ের মধ্যবর্তী একটি পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় একটি কথিত সন্ত্রাসী আস্তানা ঘিরে ফেলা হলে সংঘর্ষে আটজন নিহত হন। পরে আস্তানাটি ধ্বংস করা হয়।

অন্যদিকে, সুরব জেলার হাজিকা গ্রামে পৃথক অভিযানে আরও একজন নিহত হন। নিরাপত্তা সূত্রের দাবি, দাশত কাটাই ও হাজিকা এলাকার মধ্যবর্তী স্থানে সন্দেহভাজনদের গতিবিধি শনাক্তের পর অভিযানটি চালানো হয়।

অভিযান শেষে নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, ম্যাগাজিন, হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এর আগে বেলুচিস্তানের কিলি জাইক এলাকায় পৃথক অভিযানে দুই ‘সন্ত্রাসী’ নিহত ও তিনজন আহত হন। এছাড়া খারান জেলায় আরেক অভিযানে সাতজন নিহত হওয়ার দাবি করা হয়েছিল।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে সহিংসতা বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির সহিংসতায় মৃত্যুর প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশে ঘটেছে। এর মধ্যে কেপিতে ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বেলুচিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement