যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান: আল-উইফাক সম্পাদক
Published : ১৪:৪৩, ১৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছে ইরান। দেশটির সংবাদপত্র আল-উইফাকের প্রধান সম্পাদক মোখতার হাদ্দাদ বলেছেন, তেহরান দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মার্কিন রাজনৈতিক ক্যালেন্ডারের ওপর নির্ভর করছে না।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাদ্দাদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত শুরুতে বড় ধরনের দাবি উত্থাপন করেন। পরে পরিস্থিতির চাপে নিজের অবস্থান পরিবর্তন করেন। অতীতের অভিজ্ঞতা থেকেই ইরান এমন ধারণা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হাদ্দাদ বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই আচরণের অভিজ্ঞতা ইরানকে দেখিয়েছে যে ট্রাম্প সাধারণত আলোচনার শুরুতেই উচ্চমাত্রার দাবি নিয়ে সামনে আসেন।
তার মতে, অচলাবস্থা দীর্ঘায়িত হলে একপর্যায়ে ট্রাম্প নিজের অবস্থান থেকে সরে এসে বিদ্যমান সমঝোতা স্মারক মেনে নিতে বাধ্য হতে পারেন।
তবে একই সঙ্গে ইরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জোর দেন হাদ্দাদ। মার্কিন নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর তেহরান নির্ভর করছে—এমন ধারণাকেও তিনি নাকচ করে দেন।
হাদ্দাদের ভাষায়, যারা মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভর করছে, তারা ভুল ধারণার মধ্যে রয়েছেন।
তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের ওপর মৌলিক কোনো আস্থা নেই। ওয়াশিংটনের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান নিজেদের প্রস্তুত রাখছে।
সূত্র: আল-জাজিরা
































