কলকাতায় ভয়াবহ আগুনে নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

কলকাতায় ভয়াবহ আগুনে নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৫:০৬, ১৯ আগস্ট ২০২৬

ভারতের কলকাতায় পাঁচতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে এক শিশু ও দুই নারীও রয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের পাশাপাশি ঘন ধোঁয়ার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

শনাক্ত হওয়া নিহতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার দেবাশিস দত্ত (৩৭), তার শিশুসন্তান শর্ণশিষ দত্ত (২) এবং একই এলাকার আফসানা শিম্মিন (২৫) রয়েছেন।

এ ছাড়া কুষ্টিয়ার থানাপাড়া এলাকার ইয়াসিন আলীর ছেলে মো. আকরাম আলী (৬৪) এবং ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার শিশু আহমেদ বাবু (২) নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার ১৯ বছর বয়সী তরুণ সন্দীপ পাসওয়ানও রয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া আরও তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের শরীরে বড় ধরনের পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সময় ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের দাবি, আগুন লাগার পর ধোঁয়া থেকে বাঁচতে হোটেলের কয়েকজন অতিথি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশে আটকে পড়াদের উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

শেয়ার করুনঃ
Advertisement