প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৮:৪১, ২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে।

দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, বাংলাদেশি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের মহড়া থাকায় আগামী শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সংবর্ধনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নির্ধারিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বন্ধ থাকবে।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। বিকেল ৩টার দিকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শিরোনামের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

বিজ্ঞপ্তি প্রত্যাহারের কারণ ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তারেক রহমানের দিল্লি সফরের বিষয়টি এখনো বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এ কারণে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম ভারত সফর হওয়ার কথা রয়েছে।

সাধারণত কোনো দেশের সরকারপ্রধান ভারত সফরে গেলে রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় ফোরকোর্টে তিন বাহিনীর সমন্বয়ে গঠিত গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সফররত সরকারপ্রধানের সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।


সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুনঃ
Advertisement