বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি আটকে দিল মার্কিন আদালত

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি আটকে দিল মার্কিন আদালত ছবি: সংগৃহীত

রয়টার্স

Published : ১১:২৫, ২২ আগস্ট ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জ্যানেট ভার্গাস এ রায় দেন।

রায়ে বিচারক বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কার্যকর করা নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং দেশটির অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাঁর মতে, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে সামগ্রিকভাবে অভিবাসী ভিসা বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীর নেই।

জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়াসহ মোট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশও তালিকায় ছিল।

সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা ও বিভিন্ন সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। এ কারণেই ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে আদালত এই যুক্তি গ্রহণ করেননি। বিচারক ভার্গাস বলেন, জাতীয়তার ভিত্তিতে এভাবে ভিসা স্থগিত করা বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার নামের দুটি সংগঠন নীতিটির বিরুদ্ধে মামলা করে। মামলায় ৭৫ দেশের অভিবাসী ভিসা আবেদনকারীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার আবেদনকারী মার্কিন নাগরিকরাও ছিলেন।

রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছেন। প্রশাসনের দাবি, এসব উদ্যোগের লক্ষ্য জাতীয় নিরাপত্তা জোরদার করা। তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলো এসব নীতির সমালোচনা করে আসছে।

শেয়ার করুনঃ
Advertisement