২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:২৬, ২৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসায় প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন—এমন বিদেশিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, সর্বোচ্চ দুই লাখ মানুষের বি-১ ও বি-২ ভিসা বাতিল করা হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া পররাষ্ট্র দপ্তরের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। পরিকল্পনাটি কার্যকর হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে। AP-এর প্রতিবেদন

নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু হওয়া বি-১ ও বি-২ ভিসাধারীদের মধ্যে যারা আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আবেদন প্রক্রিয়ায় আছেন, তারা এই পদক্ষেপের আওতায় আসতে পারেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে প্রক্রিয়াটি বাস্তবায়ন করবে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগোট বলেন, স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার লক্ষ্যে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের শনাক্ত করে তাদের অ-অভিবাসী ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কতজনের ভিসা শেষ পর্যন্ত বাতিল হবে, তা এখনো নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন। পিগোট জানান, প্রক্রিয়াটি চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা পরিবর্তিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ভিসা বাতিল হলেও আশ্রয়ের আবেদন বিচারাধীন থাকা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে না। তবে তারা পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণকারীর মর্যাদা হারিয়ে ভিন্ন অভিবাসন অবস্থার আওতায় পড়তে পারেন। পরিকল্পনাটি আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে। AP-এর প্রতিবেদন

শেয়ার করুনঃ
Advertisement