নেপালে প্রাণহানি বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত পর্যটক
Published : ১৯:৩৪, ২৮ আগস্ট ২০২৬
নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। এখনও প্রায় ১ হাজার ৩০০ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে শত শত পর্যটকও আছেন।
শুক্রবার নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ জানায়, হিমবাহধসের পর সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন অনেক এলাকায় এখনও জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চরম প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত শতাধিক পর্যটককে উদ্ধার করেছে বলে জানা গেছে।
রয়টার্সের বরাতে পর্যটন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ১১৭ পর্যটকের মধ্যে রয়েছেন ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা, ৯ জন দক্ষিণ কোরীয়, দুজন ইতালীয় এবং দুজন মার্কিন নাগরিক।
ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সড়ক ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রত্যন্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
নুয়াকোট জেলায় ঘরবাড়ি ও সড়ক কাদামাটি এবং ধ্বংসাবশেষে তলিয়ে যাওয়ার চিত্র দেখা গেছে। অন্যদিকে, তিব্বতের শিগাতসে প্রশাসনিক এলাকায় নদীর তীরঘেঁষা একটি দুই লেনের সড়ক ভূমিধসে চাপা পড়েছে।
স্যাটেলাইট ছবিতে নেপাল-চীন সীমান্তে ভূমিধসের কারণে একটি বিশাল অস্থায়ী হ্রদ সৃষ্টি হওয়ার তথ্য পাওয়া গেছে। সাময়িক এই বাঁধ ভেঙে গেলে নিম্নাঞ্চলে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

































