রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ: ধানমন্ডি থানায় জিডি

রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ: ধানমন্ডি থানায় জিডি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩০, ২৮ আগস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান রাজধানীর ধানমন্ডি থানায় জিডিটি করেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান।

জিডিতে বলা হয়েছে, রুহুল কবির রিজভী নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। তাই তাঁর নামে পরিচালিত কোনো অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও বা রাজনৈতিক বক্তব্যকে তাঁর ব্যক্তিগত কিংবা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।

অভিযোগ অনুযায়ী, রিজভীর নাম, ছবি, রাজনৈতিক পদবী ও পরিচয় ব্যবহার করে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন চিহ্নও রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক বক্তব্য, মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও বিভিন্ন কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে। এতে রিজভীর ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অপপ্রচার এবং ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পুলিশকে সংশ্লিষ্ট আইডি ও পেজের ইউআরএল, ইউজারনেম, ভেরিফিকেশন তথ্য, পোস্ট, ছবি ও ভিডিও সংরক্ষণ করে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে পরিচালনাকারীদের শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে মেটার সঙ্গে যোগাযোগ করে ভুয়া অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ এবং সেগুলো বন্ধ বা অপসারণের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। অপরাধের প্রমাণ মিললে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ ও প্রচলিত আইনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement