বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৩, ২৬ আগস্ট ২০২৬

সরকারি উদ্যোগে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এসব প্রশিক্ষণকেন্দ্রে পর্যাপ্ত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও নিরাপত্তা আরও বাড়ানো সম্ভব হবে।

বিদেশে যাওয়ার আগে ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার পরামর্শ দেন। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসনের মাধ্যমে দেশের কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

 
শেয়ার করুনঃ
Advertisement