অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ বাংলাদেশি আটক অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক বাংলাদেশী। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি নিউজ , শেরপুর

Published : ১৯:৪৯, ২৮ আগস্ট ২০২৬

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের বহনের জন্য অপেক্ষায় থাকা তিনটি হায়েস মাইক্রোবাস ও তিন চালককেও আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ে ১১১১ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে তাঁদের আটক করা হয়। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের যৌথ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। প্রায় এক বছর আগে তাঁরা অবৈধ পথে ভারতে গিয়ে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি ভারতে পুলিশি তৎপরতা বাড়ায় দালালের সহায়তায় নালিতাবাড়ীর বুরুঙ্গা কালাপানি সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন তাঁরা।

শুক্রবার ভোরে প্রায় ৩০ জনের একটি দল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে বলে জানিয়েছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। অন্যরা গারো পাহাড়ের গহীন জঙ্গলে পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।

পরে সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাঁদের পরিবহনের জন্য অপেক্ষায় থাকা তিনটি মাইক্রোবাস ও চালকদের আটক করা হয়।

হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে এবং তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement