ছিনতাইকারী ধরলেন সার্জেন্ট
Published : ১৭:৩৮, ২৭ আগস্ট ২০২৬
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় এক পথচারী নারীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে দৌড়ে গিয়ে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে জুরাইন রেলগেট ইনকামিং এলাকায়। ওই সময় সার্জেন্ট এস এম হাসান মাহমুদ, কল সাইন ‘ট্যাঙ্গো-৪৩৬ ইনকামিং’, দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনকালে এক পথচারী নারীর চিৎকার শুনে সার্জেন্ট হাসান এগিয়ে যান। তখন তিনি জানতে পারেন, এক ব্যক্তি ওই নারীর ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছে।
পরিস্থিতি বুঝে সার্জেন্ট হাসান ছিনতাইকারীর পিছু নেন। কিছু দূর দৌড়ানোর পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হন তিনি।
আটকের পর উপস্থিত লোকজনের সামনে ছিনতাইকারীর কাছ থেকে ওই নারীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

































