নেপালের বন্যায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

নেপালের বন্যায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। ছবি: কোলাজ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০২, ২৭ আগস্ট ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানোর প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন ড. খলিলুর রহমান। ফোনালাপে নেপালের সামগ্রিক পরিস্থিতি এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপাল সরকার এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, তা মূল্যায়ন করছে। আজ সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যে তারা বাংলাদেশকে প্রয়োজনের কথা জানাবে বলে নেপালের পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন।

নেপাল তাদের নির্দিষ্ট প্রয়োজন জানালে বাংলাদেশ দ্রুত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান ড. খলিলুর রহমান।

ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর সহানুভূতি ও সমবেদনা জানান তিনি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সমবেদনা বার্তাও পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই দুর্যোগ একটি ভয়াবহ ট্র্যাজেডি। যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি বাংলাদেশের মানুষের চিন্তা ও প্রার্থনা রয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও জনগণের প্রতি ঢাকার পূর্ণ সংহতি প্রকাশ করেন তিনি।

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। কোনো বাংলাদেশির বিষয়ে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ঢাকাকে জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জীবিত বা মৃত—যেকোনো অবস্থায় কোনো বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পরিস্থিতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতেও প্রস্তুত রয়েছে সরকার। এ জন্য প্রয়োজনীয় ফ্লাইট বা বিমান চলাচলের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল আশ্বস্ত করেছেন, কোনো বাংলাদেশি নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেলে নেপাল সরকার তাদের বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে।

এর আগে বাংলাদেশের সংহতি ও সহায়তার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন শেষে নেপাল বাংলাদেশের কাছে তাদের নির্দিষ্ট সহায়তার প্রয়োজন জানাবে।

শেয়ার করুনঃ
Advertisement