প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন
Published : ১৮:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের ও তাঁদের পরিবারের সংকটে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সচিবালয় বিটের দুই প্রয়াত ও দুই অসুস্থ সাংবাদিকের পরিবারকে মোট ২০ লাখ টাকা সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। চার সাংবাদিকের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
প্রয়াত দুই সাংবাদিক হলেন দৈনিক ইনকিলাবের হারুন অর রশিদ তালুকদার এবং দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। তাঁদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। অন্যদিকে, অসুস্থ দৈনিক সংবাদের সাংবাদিক রাকিব উদ্দিন এবং দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল ও পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি; এম. জেড. হোসেন আরজু, হেড অব ডিভিশন (আরঅ্যান্ডডি), এবিজি; এবং মো. শাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।
দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তাঁর ছেলে মো. তৌহিদ হারুন। তিনি জানান, তাঁর বাবা দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। পরিবারের এই কঠিন সময়ে সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তাঁর স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি জানান, তাঁর স্বামী কোভিডে মারা যান এবং সেই সময়ও বসুন্ধরা গ্রুপ তাঁদের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান সহায়তাটিও তাঁদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তাঁর স্ত্রী নাসরিন জাহান। তিনি অসুস্থ স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমানও পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তা পেয়েছেন। তিনি এবিজি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সাংবাদিক পরিবারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে প্রতিষ্ঠানটি থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে এবিজির পক্ষে মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন বাস্তবতা ও মানুষের কথা তুলে ধরেন। তবে আর্থিক সংকটে থাকলে একজন সাংবাদিকের পেশাগত কাজও নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। তাই সাংবাদিকদের আর্থিকভাবে স্বচ্ছল থাকার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এবিজি সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। একই সঙ্গে এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব মানবিক উদ্যোগে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।
এদিকে সাংবাদিকদের ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়। অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রস্তাবিত এ পুরস্কারের স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।
এবিজি ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এর মধ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা, আর্থিক সংকটে থাকা পরিবারকে সহযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কার্যক্রম রয়েছে।































