ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ফের বাড়ল তেলের দাম, নজর হরমুজ প্রণালিতে

ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ফের বাড়ল তেলের দাম, নজর হরমুজ প্রণালিতে ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইরানের যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পর এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ০.৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে লেনদেন হয়েছে।

হরমুজ প্রণালির পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে তেহরানের। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধের প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানোর কথাও জানানো হয়েছিল।

বাজার বিশ্লেষকদের দৃষ্টিতে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরবে কি না, তা এখন জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা। সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে তেলের দামে আরও অস্থিরতা তৈরি হতে পারে।

অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলে সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রত্যাশায় বাজারে তেলের দামে চাপ কমতে পারে। ফলে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতির দিকে এখন আন্তর্জাতিক বাজারের নজর রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement