সৌদি আরবে যৌথ বাহিনী মোতায়েনের প্রস্তুতি মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের

সৌদি আরবে যৌথ বাহিনী মোতায়েনের প্রস্তুতি মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১১, ৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের তিন সদস্য সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। রিয়াদে ৫ অক্টোবর অনুষ্ঠিত জোটের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জোটের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সদস্য দেশগুলো সম্মত সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত সৌদি আরবে মোতায়েনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর মাধ্যমে সামরিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় তিন দেশের সম্মিলিত সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

জরুরি বৈঠকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর চলমান হামলার নিন্দা জানায় তিন দেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি প্রত্যাখ্যান করে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, তিন দেশের যেকোনো একটির নিরাপত্তা অন্য দুই দেশের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর করার মাধ্যমে জোটের প্রতিরোধক্ষমতা ও সামরিক সমন্বয় আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের অংশ হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

তবে সরকারি বিবৃতিতে সৌদি আরবে কতজন সেনা মোতায়েন করা হবে, কোন ইউনিট পাঠানো হবে কিংবা কী ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে—এ বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত জানানো হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement