দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ২০:০৩, ৫ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর এক দিনের অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে পূর্বনির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ব্রিফিং অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। এর মধ্যে ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে, ২২ অক্টোবরের ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

শেয়ার করুনঃ
Advertisement