বিশ্ববাজারে কমছে তেলের দাম, সরবরাহ নিয়ে স্বস্তি

বিশ্ববাজারে কমছে তেলের দাম, সরবরাহ নিয়ে স্বস্তি ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:১৬, ৬ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ তুলনামূলক স্বাভাবিক থাকা এবং জি-৭ জোটের জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্তের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট কমে ১০০ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ১১ সেন্ট বা ০.১ শতাংশ কমে ৮৯ দশমিক ৩৩ ডলারে লেনদেন হয়।

বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে স্বস্তির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি অব্যাহত থাকার বিষয়টি। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চার দিন মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের সময়ের মাত্রা ছাড়িয়ে যায়। এতে সরবরাহ ঘাটতি নিয়ে আগের উদ্বেগ কিছুটা কমেছে।

এর সঙ্গে জি-৭ দেশগুলোর জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্তও সরবরাহ নিয়ে চাপ কমাতে ভূমিকা রাখছে। জোটটি একই সঙ্গে জ্বালানি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতিও দিয়েছে।

তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ঝুঁকি পুরোপুরি কাটেনি। মধ্যপ্রাচ্যে সংঘাত এবং বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো রয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বড় ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে চাপ তৈরি হতে পারে।

এদিকে সৌদি আরবকে ঘিরে হুথিদের হামলার দাবিও বাজারে নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। তবে এসব উদ্বেগের মধ্যেও মধ্যপ্রাচ্য থেকে তেলের প্রবাহ এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বজায় থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বাড়া এবং জি-৭-এর মজুত ছাড়ার উদ্যোগ আপাতত দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে। তবে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হলে তেলের সরবরাহ ও দামে দ্রুত প্রভাব পড়তে পারে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

শেয়ার করুনঃ
Advertisement