উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও
Published : ১২:৪৬, ৭ অক্টোবর ২০২৬
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পের কম্পন উত্তরাখণ্ডের পাশাপাশি রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। কম্পন অনুভূত হওয়ার পর দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জানাতে থাকেন।
দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন এবং হঠাৎ সেটিকে নড়তে দেখতে পান।
তবে আতঙ্কের পাশাপাশি ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও দেখা যায় ভিন্ন ধরনের প্রতিক্রিয়া। নেটিজেনরা বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের দৃশ্য, মিম ও জিআইএফ শেয়ার করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এক ব্যবহারকারী জনপ্রিয় ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জিআইএফ শেয়ার করে দিল্লিবাসীর ভূমিকম্প-পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে রসিকতা করেন।
এর আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের নগাঁও জেলাতেও ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৩ কিলোমিটার গভীরে।
একই দিনে ভারতের দুটি ভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

































