কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯, আহত ২৫

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯, আহত ২৫ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:০৮, ১৮ অক্টোবর ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের (চোরবাগান) দুর্গাপূজার মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ মণ্ডপে ভিড় করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মণ্ডপের বের হওয়ার পথে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধারকাজে পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল ও চিকিৎসকদের মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কন্ট্রোল রুম থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় চোরবাগান দুর্গাপূজার আয়োজকদের কয়েকজনসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, মণ্ডপে ভিড় যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল কি না, তা সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে দেখা হবে। আয়োজক কমিটি, পুলিশ, বেসরকারি নিরাপত্তাকর্মী কিংবা অন্য কেউ দায়ী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

রাজ্যের বড় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে আড়াই লাখ রুপি আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরিতে গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement