জেলেনস্কির বদলে অন্য কারও সঙ্গে আলোচনা করা উচিত: ট্রাম্প

জেলেনস্কির বদলে অন্য কারও সঙ্গে আলোচনা করা উচিত: ট্রাম্প ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৬:৫৭, ২০ অক্টোবর ২০২৬

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিবর্তে অন্য কাউকে আলোচনার দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “জেলেনস্কির জন্য সম্ভবত সময় এসেছে, অন্য কাউকে আলোচনার জন্য ঠিক করা।” এর আগে গত ১০ অক্টোবরও তিনি দাবি করেছিলেন, জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়া উচিত।

বর্তমান পরিস্থিতির জন্য ইউক্রেনকে দায়ী করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়া ইউক্রেন পরিস্থিতিতে ভালো অবস্থানে রয়েছে। তার ভাষ্য, রাশিয়া খুব বেশি কিছু করছে না।

ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বিরোধ প্রকাশ্যে আসার পর খবর ছড়িয়ে পড়ে, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনীয়রা এখনো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য পাচ্ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলা পর্যন্ত ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্রে থাকার বিশেষ সুবিধা বহাল থাকবে বলেও জানান তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা দিয়েছিল এবং জেলেনস্কির পাশে ছিল। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার পরিমাণ কমতে থাকে। একবার পোশাক নিয়েও জেলেনস্কিকে প্রকাশ্যে অপদস্থ করেন ট্রাম্প ও তার সহযোগীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুনঃ
Advertisement