হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৩:২৩, ২০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজ জানায়, মঙ্গলবার ভোরের দিকে হরমুজ প্রণালির আকাশে উড়তে থাকা একটি এমকিউ-৯ ড্রোন আটকে ধ্বংস করেন রেভল্যুশনারি গার্ডের সদস্যরা। মার্কিন বাহিনীর ব্যবহৃত এমকিউ-৯ ড্রোন গোয়েন্দা নজরদারি এবং নির্ভুল হামলা চালানোর সক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করে। এর পাল্টা জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। অন্যদিকে, পরবর্তী সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

এরপর জুন মাসে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিয়ে দুই দেশের মতপার্থক্যের কারণে সমঝোতাটি বাস্তবায়নের প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।

ফার্স নিউজের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনীর মোট ৫৪টি ড্রোন ধ্বংস করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুনঃ
Advertisement