সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় মার্কিন কর্মী ও পরিবারের সদস্যদের সরানোর নির্দেশ

সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় মার্কিন কর্মী ও পরিবারের সদস্যদের সরানোর নির্দেশ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:৫৩, ২২ অক্টোবর ২০২৬

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকেও মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দেওয়া পোস্টে পিগট বলেন, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমবর্ধমান শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পিগট আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

তবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে আগে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ‘ভুল’ বলে উল্লেখ করেন পিগট।

শেয়ার করুনঃ
Advertisement