অস্ত্রপূজায় একে-৪৭ দিয়ে গুলি ছুড়লেন ‘লেডি সিংহম’ অঙ্কিতা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Published : ১১:৩৭, ২২ অক্টোবর ২০২৬
ভারতের ছত্তিশগড়ে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অস্ত্রপূজার অনুষ্ঠানে একে-৪৭ রাইফেল দিয়ে আকাশের দিকে একাধিক গুলি ছুড়েছেন আইপিএস কর্মকর্তা অঙ্কিতা শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর অস্ত্র ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ‘লেডি সিংহম’ নামে পরিচিত এই কর্মকর্তা রাজনন্দগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত মঙ্গলবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার পুলিশ লাইনে বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী ‘শস্ত্রপূজা’ বা অস্ত্রপূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের অস্ত্র ও যানবাহনের পূজা করা হয়। এ সময়ই একে-৪৭ হাতে নিয়ে গুলি ছোড়েন অঙ্কিতা শর্মা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নীল শাড়ি পরা অঙ্কিতা কোমরে আঁচল গুঁজে একে-৪৭ রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন। এরপর অস্ত্র তাক করে আকাশের দিকে একাধিক গুলি ছোড়েন তিনি। ভিডিওতে তাঁকে অন্তত ১০টি গুলি ছুড়তে দেখা গেছে।
অন্য একটি ভিডিওতে রাজনন্দগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তন রাঠোরকেও একে-৪৭ দিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ ছাড়া ছত্তিশগড়ের রায়পুর, বিলাসপুর, রায়গড়, দুর্গ, কবীরধাম ও বস্তারসহ বিভিন্ন জেলার দশেরার অনুষ্ঠানে পুলিশ সদস্যদের গুলি ছোড়ার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অঙ্কিতা শর্মার গুলি ছোড়ার ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।
অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা আর কে বিজ বলেন, সামরিক কাজে ব্যবহৃত রাইফেল দিয়ে গুলি ছোড়ার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এ ধরনের কাজ কেবল নিরাপদ স্থানে এবং যথাযথ সতর্কতা মেনে করা উচিত। তাঁর মতে, অস্ত্রপূজার উদ্দেশ্য অস্ত্রের পূজা করা, গুলি ছোড়া নয়। এভাবে গুলি ছুড়লে দুর্ঘটনা ঘটতে পারে, তাই এমন কাজ এড়িয়ে চলা প্রয়োজন।
নাম প্রকাশ না করার শর্তে এক আইপিএস কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, ছত্তিশগড়ে শস্ত্রপূজার ঐতিহ্যের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়া হয়, যা ‘আওয়াজি কার্তুস’ নামে পরিচিত। তাঁর দাবি, এ ধরনের অনুষ্ঠানে প্রকৃত গুলি ব্যবহার করা হয় না। তবে আকাশে ছোড়া গুলিও মাটিতে ফিরে এসে আশপাশের মানুষকে আহত করতে পারে বলে সতর্ক করেন তিনি।
এ ঘটনায় অস্ত্র ব্যবহারের পদ্ধতি ও নিরাপত্তাবিধি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া এন কে গোস্বামী অঙ্কিতা শর্মাকে ‘আধুনিক মা দুর্গা’ বলে অভিহিত করেছেন। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, নারীর ক্ষমতায়ন কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়; বরং তাঁদের শক্তি, দায়িত্ব, নেতৃত্ব ও কর্তৃত্বের ওপর আস্থা রাখাও এর অংশ।
সূত্র: এনডিটিভি
































