স্বস্তিদায়ক বাজেটের প্রতিশ্রুতি, জনকল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চিফ হুইপ

স্বস্তিদায়ক বাজেটের প্রতিশ্রুতি, জনকল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চিফ হুইপ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪৯, ৭ জুন ২০২৬

ঢাকা, ৬ জুন: সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা এবং জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার একটি স্বস্তিদায়ক ও জনবান্ধব বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সীমিত সম্পদের মধ্যেও জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

চিফ হুইপ জানান, আসন্ন বাজেট অধিবেশনে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বাজেট পাস করা হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষা খাতে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি জানান, ডেঙ্গুসহ মৌসুমি রোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। হাসপাতাল অবকাঠামো উন্নয়ন, নতুন হাসপাতাল স্থাপন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চলমান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন, নতুন পরিবহন টার্মিনাল নির্মাণ এবং বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিদ্যুৎ খাত নিয়ে চিফ হুইপ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির পরও সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে।

তিনি জানান, বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও প্রায় ৬৬ শতাংশ গ্রাহক এর প্রভাবের বাইরে থাকবেন এবং ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যমান মূল্য অপরিবর্তিত থাকবে।

আইন ও বিচার ব্যবস্থার বিষয়ে চিফ হুইপ বলেন, বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে সরকার কাজ করছে।

তিনি জানান, আলোচিত রামিসা হত্যা মামলাটি প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়েছে এবং আগামী রোববার এ মামলার রায় ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।

“রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে বিচারের ভিত্তি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে,” বলেন তিনি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সময়ের প্রয়োজন অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সংবিধান সংশোধনের নজির রয়েছে।

তবে তিনি স্পষ্ট করেন, সংবিধানের মৌলিক কাঠামো ও নাগরিকদের মৌলিক অধিকার অক্ষুণ্ন রেখেই প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে এবং সম্ভাব্য সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করবে।

শেয়ার করুনঃ
Advertisement