রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল তুরস্ক, উখিয়া ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
Published : ০২:১৭, ৬ জুন ২০২৬
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে এ আশ্বাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শুক্রবার বিকেলে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক বাংলাদেশ ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে।
হাকান ফিদান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় সংকটের একটি টেকসই সমাধান হবে এবং রোহিঙ্গারা পূর্ণ নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবেন।
রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিকেল ৩টায় কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার শরণার্থী ক্যাম্পে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগী, চিকিৎসক এবং হাসপাতাল পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি রোহিঙ্গাদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে হাকান ফিদান উখিয়ার ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তুরস্কের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
তুরস্কের এই সফরকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।































