বাংলাদেশ সফরে প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ০১:৫৭, ৭ জুন ২০২৬
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আমন্ত্রণ জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় হাকান ফিদান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। তিনি বলেন, তাঁর এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন কৌশলগত পর্যায়ে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ সূচনা।
বৈঠকে দুই দেশ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বার্ষিক ‘ফরেন অফিস কনসালটেশন’ আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতি বছর ‘টু প্লাস টু (২+২)’ পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ পরামর্শ কাঠামো বা কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, যৌথ উৎপাদন, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন




























