চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ হবে, ক্রীড়াবান্ধব জাতি গঠনে বহুমুখী উদ্যোগ সরকারের

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ হবে, ক্রীড়াবান্ধব জাতি গঠনে বহুমুখী উদ্যোগ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৫, ৬ জুন ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, নতুন প্রজন্মকে মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব জাতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একইসঙ্গে চট্টগ্রামে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রায় ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। আগামী জুনের পর আরও ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনা হবে। ক্রীড়া কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম হতে পারে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে।

মো. আমিনুল হক বলেন, সরকার “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে ও মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করেছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।

ক্রীড়া কূটনীতির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ বাড়াতে এবং বিদেশি ক্লাব ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে। সম্প্রতি তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারিত হবে।

সভায় সভাপতিত্ব করেন ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

পরে বিকেলে প্রতিমন্ত্রী চট্টগ্রাম নগরীর শহীদ শাহাজাহান মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করেন।

শেয়ার করুনঃ
Advertisement