সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে ‘জিয়া স্মৃতি জাদুঘর’: মুক্তিযুদ্ধমন্ত্রী
Published : ০১:৪৭, ৬ জুন ২০২৬
চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন ঐতিহাসিক ‘জিয়া স্মৃতি জাদুঘর’ আধুনিকায়ন ও সংস্কার কাজ শেষ করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শুক্রবার বেলা ১১টার দিকে জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাকে পুনরায় তার মর্যাদাপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষে সংস্কার কাজ চলছে এবং কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, স্মৃতিচিহ্ন ও গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়ে ওঠার পথচলা এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে তাঁর অবদান সংরক্ষণের উদ্দেশ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল। আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস আরও সুসংগঠিতভাবে তুলে ধরা হবে।
আহমেদ আযম খান আরও বলেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জাদুঘরটি গবেষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে, যাতে তারা দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক ধারাবাহিকতা সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করতে পারেন।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































