নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিন, ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৪:০১, ২৩ জুন ২০২৬

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে, এ.কে.এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

আদেশ অনুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ)-এর পরিপন্থী। এ কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তবে এ জন্য তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা নিশ্চিত হওয়ার পরই তার ভাতা প্রদান করা হবে।

এদিকে বন্দর ও পরিবহন বিভাগের কার্যক্রম সচল রাখতে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়াও চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement