ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৬:৫২, ২৩ জুন ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো ধরনের অশুভ তৎপরতা বা ফ্যাসিবাদী ইঙ্গিত প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রিজভী বলেন, প্রতিবাদ মিছিলের মূল উদ্দেশ্য হলো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের যেকোনো প্রচেষ্টা রুখে দেওয়া। তিনি অভিযোগ করেন, যারা অতীতে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ কেড়ে নিয়েছিল, তারা এখন বিভিন্নভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের জনগণের ভোটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা দাবি করেন, অতীতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছিল। তবে বর্তমান সরকারের চার মাসের কার্যক্রমে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

রিজভী বলেন, “কোনো গুম হয়নি, কোনো ক্রসফায়ার হয়নি, রাজনৈতিক কারণে কাউকে মিথ্যা মামলায় আটক করা হয়নি। শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কিছু মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে জনগণ এসব অপচেষ্টা সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত, উসকানি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement