সিলেট ছাড়লেন সারওয়ার আলম, বিদায়বেলায় দিলেন আবেগঘন বার্তা
Published : ১৮:১৭, ২৩ জুন ২০২৬
সিলেটের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। দায়িত্ব ছাড়ার প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারওয়ার আলম লিখেছেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
এর আগে গত রোববার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
মো. সারওয়ার আলম ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান এবং ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়।
এছাড়া হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা করা এবং নতুন দানবাক্স স্থাপনের সিদ্ধান্তকে কেন্দ্র করে তিনি ব্যাপক আলোচনা-সমালোচনার মুখোমুখি হন। এসব পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত থাকলেও সেগুলো সিলেটের অন্যতম আলোচিত প্রশাসনিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।
এদিকে নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।



























