দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত
Published : ১৯:৫৭, ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্তার অভিযোগ নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দাবি করেছেন, জাহেদ উর রহমান সরকারি নয়, বরং ব্যক্তিগত (বেসরকারি) পাসপোর্টে ভারত সফর করছিলেন।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দিল্লি যান জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েন। দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থানের পর শেষ পর্যন্ত তিনি ঢাকায় ফিরে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করে।
বিতর্কের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল বলেন, “জাহেদ উর রহমান তাঁর ব্যক্তিগত পাসপোর্টে এবং সার্ক ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। ইমিগ্রেশন কর্মকর্তারা নিয়ম অনুযায়ী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায়, তিনি একটি সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে এসেছেন। এরপর তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।”
তবে ভারতীয় মুখপাত্রের এই বক্তব্যের পরও বিমানবন্দরে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল এবং কেন তিনি শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসেন—সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা



























