প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ
Published : ১৮:২৩, ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
নুরুল ইসলাম মনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে সরকার জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তাও অব্যাহত রাখা হয়েছে।
তিনি জানান, জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে অচিরেই নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর-সুবিধা ঘোষণা করা হতে পারে।
চিফ হুইপ বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস ব্যবহারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখা হবে।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় পর্যায়ে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে দেশের সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে চলছে এবং এর ইতিবাচক প্রভাব শিগগিরই দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, নীতিগত সহায়তা জোরদার এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।



























