প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেক্স

Published : ২০:৩৩, ২৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরে প্রতিনিধিদলের সদস্য হিসেবে যোগ দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের সরকারি সফরে অংশ নিতে তথ্যমন্ত্রী রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন।

সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হলো গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি-এর সঙ্গে সহযোগিতা বিষয়ক একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

চীনের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশটির পক্ষে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে ইতোমধ্যে বেইজিংয়ে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিভিন্ন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আগামী ২৬ জুন রাতে বেইজিং সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement