গবেষণার জন্য চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’
Published : ১৭:৩৯, ২৩ জুন ২০২৬
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে প্রাণীটিকে নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে রেখে স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিএলআরআই সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২১ জুন জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে গবেষণা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা ও ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানা থেকে আনা প্রাণী হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময় প্রাণীটির রোগমুক্ত অবস্থা নিশ্চিত করা, স্বাস্থ্যগত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। কোয়ারেন্টাইন শেষে গবেষণার কাজে কীভাবে মহিষটিকে ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আলোচিত এই অ্যালবিনো মহিষটি কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা হচ্ছিল। এর ব্যতিক্রমী সাদা রঙ ও ঘন লোমের কারণে খামারের মালিক জিয়া উদ্দিন মৃধার ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে প্রাণীটির নামকরণ করেন।
পরবর্তীতে মহিষটি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জিয়া উদ্দিন মৃধা প্রাণীটি কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করেন। কোরবানির ঈদ উপলক্ষে গত ২৫ মে মহিষটিকে নারায়ণগঞ্জ থেকে কেরানীগঞ্জে নেওয়া হয়।
তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে উদ্ধার করে। প্রথমে কেরানীগঞ্জ থানায় নেওয়া হলেও পরে সেটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখান থেকে সর্বশেষ গবেষণার উদ্দেশ্যে প্রাণীটিকে বিএলআরআইতে পাঠানো হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, প্রাণীটির বিশেষ বৈশিষ্ট্য ও জেনেটিক বৈচিত্র্য নিয়ে ভবিষ্যতে গবেষণার সুযোগ তৈরি হতে পারে।



























