জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিএনপির ১২ নেতা
Published : ১৬:১৮, ২৫ জুলাই ২০২৬
ঢাকা: সরকারি বিভিন্ন সংস্থা, দপ্তর ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিএনপির ১২ নেতা রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শ্রদ্ধা নিবেদনকারী নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকার, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে দায়িত্বপ্রাপ্ত যুবদলের সাবেক সহ-সভাপতি মো. কামরুজ্জামান দুলাল।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী, বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত মামুন হাসানসহ অন্যরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক ১২টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নেতার চুক্তিভিত্তিক নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তারা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের আগে অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধাসরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তা ত্যাগ করার শর্তও আরোপ করা হয়েছে।


































