‘ছাত্রশক্তি জিন্দাবাদ’— শিক্ষামন্ত্রীর পদত্যাগকে স্বাগত জানাল ককরোচ জনতা পার্টি
Published : ১৬:২৮, ২৫ জুলাই ২০২৬
নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে নতুন গঠিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার পদত্যাগের ঘোষণা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক সংক্ষিপ্ত বার্তায় দলটি লিখেছে, ‘ছাত্রশক্তি জিন্দাবাদ।’
জাতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UGসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সিজেপি। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে ধর্মেন্দ্র প্রধান নিজের এক্স অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম প্রকাশ্যে আসার পর থেকেই তিনি ঘটনার পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিয়েছেন এবং কখনোই দায়িত্ব এড়িয়ে যাননি। তিনি বলেন, তাঁর লক্ষ্য ছিল যাতে প্রশ্নফাঁস বা পরীক্ষা জালিয়াতির কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয় এবং কারও প্রতি অন্যায় না ঘটে।
তিনি আরও বলেন, ভারতের গণতন্ত্রের শক্তি এবং দেশের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতি তাঁর অটল আস্থা রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীতে তিনি ব্যথিত হলেও বিষয়টিকে কখনোই ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন হিসেবে দেখেননি।
উল্লেখ্য, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত NEET-UG পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়। পরে ২১ জুন পুনরায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
সূত্র: এনডিটিভি































