আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষার্থীদের আন্দোলন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৮, ২৫ জুলাই ২০২৬

নয়াদিল্লি: দীর্ঘদিনের আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ হিন্দিতে লেখা এক চিঠি প্রকাশ করে নিজের পদত্যাগের বিষয়টি জানান।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন।

শনিবার বিকেলে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রী তাঁর পদত্যাগের ঘোষণা দেন।

এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সিজেপি-সমর্থিত বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

এছাড়া আন্দোলনকারীরা বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়ে আসছিলেন।

এর আগে সরকার ও সিজেপির মধ্যে দুই দফা আলোচনা হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোনো সমঝোতা হয়নি। শনিবার সকালে সিজেপি জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে আলোচনায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর সিজেপি নেতারা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

 
শেয়ার করুনঃ
Advertisement