পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান (সংগৃহীত ছবি)

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৯, ২৫ জুলাই ২০২৬

নয়াদিল্লি: নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করার পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষার্থীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত ওই বার্তায় তিনি বলেন, তাঁর পদত্যাগ কোনো ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়; বরং দেশের তরুণদের ভবিষ্যৎ, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

ধর্মেন্দ্র প্রধান জানান, চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর বিশ্বাস, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষাব্যবস্থাই একটি সমৃদ্ধ জাতির ভিত্তি।

তিনি বলেন, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত NEET-UG পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পরপরই কেন্দ্রীয় সরকার সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি আগামী বছর থেকে পরীক্ষাটি কম্পিউটারভিত্তিক (CBT) পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

সাবেক শিক্ষামন্ত্রী জানান, সংকটকালীন পুরো সময়ে সরকারের প্রধান লক্ষ্য ছিল ২০ লাখেরও বেশি পরীক্ষার্থীর জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা নিশ্চিত করা। কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় গত ২১ জুন পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ধর্মেন্দ্র প্রধান বলেন, শুরু থেকেই তিনি ঘটনার পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছিলেন এবং কখনোই দায়িত্ব এড়িয়ে যাননি। তাঁর লক্ষ্য ছিল যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নপত্র জালিয়াত চক্রের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও জানান, ১৬ জুলাই প্রকাশিত NEET-UG ফলাফলে বিভিন্ন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের বহু শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তবে একই সময়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করার চেষ্টা করেছে, যা তাঁকে ব্যথিত করেছে।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতি, জাতীয় ঐক্য রক্ষা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং দেশবিরোধী শক্তির অপব্যবহারের সুযোগ বন্ধ করার স্বার্থেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিপরিষদের সহকর্মী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতেও ভারত, ওড়িশার জনগণ এবং দেশের তরুণদের কল্যাণে নিজেকে উৎসর্গ করে কাজ করে যাবেন।

শেয়ার করুনঃ
Advertisement